
একতরফা লড়াইয়ে চেলসির কাছে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেড। লন্ডন স্টেডিয়ামে ৫-১ গোলে হেরেছে হ্যামাররা।
তবে ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র ছ’ মিনিটেই লুকাস পাকেতার দুর্দান্ত এক শটে এগিয়ে যায় ওয়েস্ট হাম।২৫ গজ দূর থেকে পাকেতার বাঁ-পায়ের ঝড়ো শট সোজা জড়ায় রবার্ট সানচেজের জালে।কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। ১৫ মিনিটে পেদ্রো নেতোর কর্নার থেকে মার্ক কুকুরেয়ার ফ্লিক হেডে বল পেয়ে জোয়াও পেদ্রো মাথা ছুঁইয়ে সমতা ফেরান।দু’ মিনিট পর আবারও লিড নেওয়ার স্বপ্ন দেখেছিল ওয়েস্ট হাম।নিকলাস ফুলক্রুগ জোরালো শটে বল জালে পাঠালেও ভিএআরের সিদ্ধান্তে জঁ-ক্লেয়ার তোদিবোর অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।২৩ মিনিটে জোয়াও পেদ্রোর ক্রস থেকে কাছ থেকে বল জালে জড়ান পেদ্রো নেতো। আর ৩৪ মিনিটে এস্তেভাওয়ের কাটব্যাক পেয়ে সহজেই গোল করেন এঞ্জো ফার্নান্দেজ। ফলে প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে চেলসির লিডে।দ্বিতীয়ার্ধে নেমেই আরো চাপে পড়ে ওয়েস্ট হাম।
গোলরক্ষক ম্যাডস হারম্যানসেনের ভুলের সুযোগ নিয়ে কর্নার থেকে গোল করেন মইসেস কাইসেদো। ৫৮ মিনিটে আরেকটি কর্নার থেকে ত্রেভো চালোবাহ ভলিতে বল জালে জড়ালে ৫-১ গোলে দাপুটে জয় নিশ্চিত করে চেলসি।









