
ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিং ও ফিল্ডিং আর ক্যামেরন গ্রিনের কার্যকর ইনিংসে দারুণ জয় তুলে নেয় অজিরা।২০৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। শূন্য রানের অধিনায়ক মিচেল মার্শ ফিরলেও ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল।
মাত্র ১৮ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস। এরপর জস ইংলিস খেলেন ৩০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস। তবে মাঝের ওভারগুলোতে হঠাৎ ধস নামে অজিদের ইনিংসে। তখনই দৃঢ়তা দেখান ক্যামেরন গ্রিন। একপ্রান্তে উইকেট ধরে রেখে ৩৫ বলে অপরাজিত ৫৫ রান করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। দ্বিতীয় ম্যাচ খেলতে নামা তরুণ ক্যারিবীয় পেসার জেডাইয়া ব্লেডস আলো ছড়িয়েছেন বল হাতে। ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন।প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২০৫ রান।যদিও দলের কেউই ৩১-এর বেশি করতে পারেননি। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো এমন কীর্তি গড়ল তারা। সর্বোচ্চ ৩১ রান করেন শার্ফানে রাদারফোর্ড। অন্যদিকে, অস্ট্রেলিয়া দুর্দান্ত ফিল্ডিং ও বোলিংয়ে ক্যারিবীয়দের রানের গতি নিয়ন্ত্রণে রাখে।
ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও জাদু দেখান ম্যাক্সওয়েল।ম্যাচে দুটি দুর্দান্ত ক্যাচ নেন তিনি। যার মধ্যে একটি ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক অবিশ্বাস্য ক্যাচ।রোমারিও শেফার্ডের ছক্কা হয়ে যাওয়া বলটিকে তিনি বাতাসে ভেসে ধরে বাউন্ডারির বাইরে যাওয়ার আগেই ক্যামেরন গ্রিনের দিকে ঠেলে দেন। এই ক্যাচকে ইতিমধ্যেই বছরসেরা বলা হচ্ছে।
