
বাংলাদেশকে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত। ভারত-বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গে জানিয়েছে বিদেশমন্ত্রক।
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ডেকে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাঁকে বলা হয়েছে, সীমান্ত অপরাধমুক্ত রাখতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ।পণ্যের চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্তে কাঁটাতার দেওয়া, আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।তিনি আরও বলেছেন, ভারত চায় এই বিষয়ে আগে যে বোঝাপড়া হয়েছিল, তা কার্যকর করা হবে। সীমান্ত অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ সরকার সহযোগিতার ভিত্তিতে অতীতের সব বোঝাপড়া কার্যকর করুক, এটাই ভারতের আশা। তবে বাংলাদেশে দ্রুত নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করেনি বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, বিদেশ সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন, ভারত ইতিবাচক মনোভাব নিয়েই এগতে চায়।
বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, যাতে দুই দেশের জনগণের মঙ্গল হয়।এই মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে।
