
বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
পাশাপাশি তিনি মেনে নিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটি দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির মেঘ রয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে বাংলাদেশ। ভারত সংক্রান্ত প্রশ্নে ইউনূস বলেছেন, বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সম্পর্ক খুবই ভাল। এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল না থেকে উপায় নেই। ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরস্পরের উপর নির্ভরশীল দু’টি দেশ। তাই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে বিচ্যুত হতে পারা যাবে না।তবে, বাংলাদেশ তা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছে।অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছিল, জানিয়েছেন মহম্মদ ইউনূস।
ভারত সরকারের সঙ্গে তাঁর সরকার সব সময় যোগাযোগ রাখছে। দুই দেশের মধ্যে বড় কোনও সমস্যা নেই বলেই দাবি করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।







