
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যাবেন কিনা স্পষ্ট করেনি রাজ্যপাল। জানিয়েছেন নির্দিষ্ট নিয়ম মেনে সমাবর্তন করতে হয়। তবে শুক্রবার সিভি আনন্দ বোস জানিয়েছেন ছাত্রছাত্রীদের স্বার্থে তিনি সিদ্ধান্ত নেবেন।
শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল বোস। সেই অনুষ্ঠানের পর যাদবপুরের সমাবর্তন নিয়ে রাজ্যপাল বলেছেন সমাবর্তন করতে গেলে নির্দিষ্ট নিয়ম মানতে হয়। নিয়ম না মেনে সমাবর্তন ঠিক নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২৪ তারিখ সমাবতন রয়েছে। কিন্তু এক সপ্তাহের কম সময়ের মধ্যে এত শংসাপত্রে কীভাবে সই করা সম্ভব, সেই প্রশ্নে রাজ্যপাল বলেছেন ছাত্রছাত্রীদের স্বার্থে তিনি সিদ্ধান্ত নেবেন। ১৭ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ বৈঠক হয়। স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে কত জনকে শংসাপত্র দেওয়া হবে, তা এই বৈঠকে ঠিক হয়। বৈঠকের সিদ্ধান্ত রাজভবনকে জানাতে হয়। তবে এবার তা জানানো হয়নি বলে জানিয়েছে রাজভবন।
এমনকি প্রথা মেনে রাজভবনের কোনও অনুমতিও নেওয়া হয়নি বলে অভিযোগ। আগেই সিদ্ধান্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে এবার সাম্মানিক ডিলিট বা ডিএসসি দেওয়া হবে না। শুধু ডিগ্রি দেওয়া হবে।
