কংগ্রেসকে তীব্র আক্রমণ ডিএমকে’র

0
39
ছবি সৌজন্যে : এক্স

অভিনেতা বিজয়কে সরকার গড়তে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে কংগ্রেসকে তীব্র আক্রমণ শুরু করেছে ডিএমকে। ওই দলের নেতৃত্বাধীন জোটের শরিক হলেও তাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই কংগ্রেস হাইকমান্ড বিজয়কে সমর্থন করার কথা ঘোষণা করে।

কংগ্রেসের ওই সিদ্ধান্তকে পিছন থেকে ছুরি মারা বলে মন্তব্য করেছেন ডিএমকে’র মুখপাত্র সারাভানন আন্নাদুরাই। এক্স পোস্টে তিনি লিখেছেন, কংগ্রেস যে হাত দিয়ে করমর্দন করে, সেই হাতেই ছুরিকাঘাত করে। এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা।বিজয়ের দলকে কংগ্রেস সমর্থন করায় তারা কি ইন্ডি জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে? জবাবে ডিএমকে’র মুখপাত্র আন্নাদুরাই বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে অবস্থান জানাবেন। তবে কংগ্রেস যা করেছে তাতে ওই দলের ওপর ভরসা রাখা কঠিন। এদিকে তামিলনাড়ুর বিধানসভার এবারের ফলাফলকে অনেকেই একদিকে চমক, অন্যদিকে অঘটন বলছেন। মাত্র দু বছর বয়সি দল টিভিকে বাকি সব দলকে ধরাশায়ী করে সর্বাধিক আসনে জয়লাভ করে। অভিনেতা বিজয়ের দলের ঝড়ের মুখে উড়ে গিয়েছে দ্রাবিড় রাজনীতির দুই কাণ্ডারী ডিএমকে এবং এআইএডিএমকে।

তবে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় তারা কংগ্রেসসহ ডিএমকের শরিকদের সমর্থন চায়। কংগ্রেস হাই কমান্ড জানিয়ে দেয় দলের ৫ বিধায়ক বিজয়ের সরকারকে সমর্থন করবে। বিনিময়ে কংগ্রেস মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ দফতর দাবি করেছে।