
অভিনেতা কার্তিক আরিয়ানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। গত বছরই সংগীত পরিচালক অমল মালিক এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন,বলিউডে নাকি কার্তিককে কোণঠাসা করার চেষ্টা চলছে।
এমনকি তিনি কার্তিকের পরিস্থিতির সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথাও তুলেছিলেন।এদিকে কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি,তু মেরী ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরী বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। ছবিটি ভরাডুবি হওয়ায় প্রযোজনা সংস্থাকে নাকি কিছু অর্থ ফেরতও দিতে হয়েছে অভিনেতাকে,এমন গুঞ্জনও শোনা যায় ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে পরিচালক প্রিয়দর্শনের একটি ছবি। প্রথমে শোনা যাচ্ছিল, তাঁর জনপ্রিয় কমেডি ছবি,হাঙ্গামা-এর সিক্যুয়ালে কার্তিককে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরে জানা যায়, সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রিয়দর্শন বলেন, তিনি কোনো অভিনেতাকে আগে থেকে মাথায় রেখে ছবি বানান না। তাঁর কথায়, প্রথমে চিত্রনাট্য লেখা হয়, তারপর ভাবি কোনো অভিনেতা চরিত্রটির জন্য সবচেয়ে উপযুক্ত। তিনি এখন বরুণ ধবনের সঙ্গে একটি ছবি করার কথা ভাবছেন। ওর কমেডি খুব ভালো। এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে, হাঙ্গামা’র সিক্যুয়ালের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কি কার্তিকের ওপর বিরক্ত পরিচালক? তবে প্রিয়দর্শনের দাবি, শুধু কার্তিকই নন, এই ছবির প্রস্তাব নাকি ফিরিয়েছেন আয়ুষ্মান খুরানা ও সিদ্ধার্থ মালহোত্রাও। শেষ পর্যন্ত ছবিটি তিনি করছেন অভিনেতা মিজান জাফরিকে নিয়ে। পরিচালকের কথায়, অনেকেই হয়তো মনে করেন তিনি সেকেলে পরিচালক, কারণ দীর্ঘদিন তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন।এই পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন কার্তিকের ফ্যান ফলোয়াররা। তাঁদের আশঙ্কা, ধীরে ধীরে বলিউডে তাঁকে কোণঠাসা করা হচ্ছে।
এর মধ্যেই নতুন বিতর্কেও জড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি তাঁর সঙ্গে অষ্টাদশী কারিনা কুবলিয়ুট-এর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতা কার্তিক আরিয়ানকে। অন্যদিকে মার্ডার ২-খ্যাত অভিনেতা প্রশান্ত নারায়ণ এক সাক্ষাৎকারে কার্তিককে জঘন্য অভিনেতা বলেও কটাক্ষ করেছেন। যদিও এসব বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কার্তিক। বেশ কিছুদিন ধরেই কার্তিক আরিয়ান জনসমক্ষে খুব একটা দেখা দিচ্ছেন না, যা আরো বাড়িয়েছে নানা জল্পনা।
