
কদিন আগে মেজর লিগ সকারে, এমএলএস চলতি সিজন শেষে ফুটবলকে বিদায় জানানোর কথা জানান ইন্টার মায়ামির স্প্যানিশ কিংবদন্তি সেহিও বুশকেতেস। এবার তাঁর পথ ধরে ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানালেন আরেক স্প্যানিশ তারকা জর্দি আলবাও।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এমএলএসে চলতি সিজন শেষে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান আলবা।নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় আলবা বলেছেন, সত্যিই তাঁর জীবনের একটি অর্থবহ অধ্যায় এখন শেষ করার সময় এসেছে। এই সিজন শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আলবা ভিডিও বার্তায় যোগ করেন, অনুভব করছেন এটি নতুন ব্যক্তিগত অধ্যায় শুরু করার এবং পেশাদার ফুটবলে এত বছর পর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সঠিক মুহূর্ত। ইন্টার মিয়ামিতে নিজের সময় নিয়ে খুবই খুশি। সমর্থকদের সহায়তার জন্য এবং দলের সাফল্যের অংশ হতে পারার জন্য সত্যিই কৃতজ্ঞ। এখন লক্ষ্য হলো সিজনটি যতটা সম্ভব ভালোভাবে শেষ করা এবং প্লে–অফে সবকিছু উজাড় করে দেওয়া।আলবা এই সিদ্ধান্ত জানানোর পর তাঁর উদ্দেশে আবেগপ্রবণ মন্তব্য করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমারসহ অনেকেই।
মেসির সঙ্গে আলবা বার্সেলোনায় লম্বা সময় খেলেছেন। বার্সায় থাকাকালে সময়ে তাঁরা একসঙ্গে পাঁচটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি কোপা দেল রে ট্রফি জেতেন। এরপর ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামিতেও জুটি বেঁধে খেলছেন তারা।









