
বিএলও-র কাজ করলে বাচ্চাদের কে পড়াবেন। প্রশ্ন তুলে গাইঘাটায় স্কুলের ৩ শিক্ষককেই তালাবন্দি করেছেন অভিভাবকরা। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চণ্ডীগড় স্পেশ্যাল ক্যাডার এফপি স্কুলের তিন জন শিক্ষকই বুথ লেভেল অফিসারের কাজে যুক্ত হয়েছে।
ওই স্কুলের ১৫০ জন পড়ুয়ার জন্য শিক্ষকের সংখ্যা ৩ জন। কিন্তু তিনজনকেই বিএলওর দায়িত্ব দিয়েছে প্রশাসন। এতেই ক্ষুব্ধ অভিভাবকরা ৩ শিক্ষককে স্কুলের মধ্যে তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখিয়েছেন। শিক্ষকদের আটকে থাকার খবর পেয়ে স্কুলে যায় গাইঘাটা থানার পুলিশ, জয়েন্ট বিডিও ময়ূখ বন্দোপাধ্যায়। তাঁরা অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন স্কুলের পঠনপাঠনে যাতে কোনও অসুবিধে না হয় সেই বিষয়টি দেখা হবে। এরপরেই তালা খোলেন অভিভাবকরা। কার্যত একই ছবি তমলুকে।
পূর্ব মেদিনীপুরের তমলুকের মথুরি স্কুলের ৬ জন শিক্ষকের মধ্যে ৪ জন শিক্ষকই বিএলও। আর তাতেই চিন্তায় পড়েছেন অভিভাবকরা। যদিও শিক্ষক শিক্ষিকাদের দাবি এসআইআরের কাজের ফাঁকেই পড়ানোর কাজটা চালিয়ে যাবেন।
