
সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মেটা।হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক এই তিন জনপ্রিয় প্ল্যাটফর্মের জন্য আলাদা করে একটি নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে সংস্থা।
খবর অনুযায়ী, এই সাবস্ক্রিপশন বর্তমান মেটা ভেরিভায়েড পরিষেবার সঙ্গে সম্পর্কিত নয় এবং এতে এমন কিছু বিশেষ সুবিধা থাকবে, যা সাধারণ ইউজারদের জন্য ওপেন হবে না।এতদিন পর্যন্ত এই তিনটি অ্যাপই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যেত। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং উন্নত ফিচারের বাড়তে থাকা চাহিদার কারণে মেটা এবার আয়ের বিকল্প পথ খুঁজছে। ইঙ্গিত মিলেছে, প্রিমিয়াম প্ল্যানে সংস্থার উন্নত এআই টুল সংযুক্ত করা হতে পারে।এখন প্রশ্ন হলো,হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রিমিয়ামে কী থাকতে পারে?মেটার উন্নত মানুস এআই এজেন্ট এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির সুবিধা এবং স্বয়ংক্রিয় বিভিন্ন কাজ আরও সহজ হয়ে উঠবে। পাশাপাশি ইনস্টাগ্রামে এআই-নির্ভর কিছু নতুন টুল যুক্ত হতে পারে, যেমন ভাইবস, যার সাহায্যে ছোট ও সৃজনশীল এআই ভিডিও তৈরি করা সম্ভব হবে।ইনস্টাগ্রাম ইউজারদের দীর্ঘদিনের কিছু চাহিদাও এই প্ল্যানে জায়গা পেতে পারে।উদাহরণ হিসেবে, কে আপনাকে ফলো করছে না, তা দেখার সুবিধা, অন্য ব্যক্তি না বুঝতেই স্টোরি দেখার অপশন।হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রিমিয়াম ইউজারদের জন্য উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন এবং এআই-চালিত সুবিধা চালু হতে পারে। যদিও এই বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা করা হয় নি।মেটা জানিয়েছে, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া পুরোপুরি ইউজারের ইচ্ছার ওপর নির্ভর করবে।
যারা টাকা খরচ করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন।মূলত যারা অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার চান, তাদের কথা মাথায় রেখেই এই প্ল্যান।তবে গোপনীয়তা নিয়ে কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে।








