বাজি নিয়ে দিল্লি পুলিশের ভূমিকায় প্রশ্ন শীর্ষ আদালতের

0
131

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দিল্লিতে আতশবাজি ফাটানো প্রসঙ্গে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহা।

বিচারপতিদের বক্তব্য, এটা নিয়ে দ্বিমত নেই, দিল্লির কোথাও বাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা পালিত হয়নি। নিষেধাজ্ঞা পালিত না হওয়ার কারণেই দিওয়ালিতে দূষণের মাত্রা সর্বকালীন উচ্চতায় উঠেছে। কৃষিক্ষেত্রে নাড়াপোড়াও বেড়েছে দিওয়ালির সময়ে। সুপ্রিম কোর্টের মন্তব্যে চাপ বেড়েছে কেন্দ্রীয় সরকারের। কারণ, দিল্লি পুলিশ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। বাজি পোড়ানো সংক্রান্ত নিষেধাজ্ঞা বলবৎ না করার জন্য যখন দিল্লি পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, তখন প্রশ্ন উঠছে স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়েও। দিল্লির পুলিশ কমিশনার ও দিল্লি সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে, কেন বাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা বহাল করা হয়নি দিল্লির সর্বত্র।

একই রকম ভাবে হরিয়ানা ও পাঞ্জাব সরকারকেও হলফনামা দিয়ে জানাতে হবে, নাড়াপোড়ার বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছে। সাত দিনের মধ্যে এই হলফনামা হাতে পাওয়ার পরেই হবে মামলার পরবর্তী শুনানি।

ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল