
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে গ্লেন ফিলিপসকে বোলিংয়ে খুব কম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে ক্রিকেট অঙ্গনে। মাত্র এক ওভার বল করে ৫ রান দেওয়ার পরও কেন তাকে আর বোলিংয়ে আনা হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
ফাইনালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশে একমাত্র ডানহাতি স্পিনার ছিলেন ফিলিপস। কোল ম্যাককনচিকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছিল জ্যাকব ডাফিকে।ফলে স্পিন বিভাগে ফিলিপসের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ার কথা থাকলেও ম্যাচে তিনি মাত্র এক ওভারই বল করেন।ভারতের ইনিংসের শুরুতে তার ওই ওভারে মাত্র ৫ রান ওঠে। তবে এরপর আর তাকে বোলিংয়ে না এনে পেসারদের ওপর ভরসা রাখেন স্যান্টনার। ম্যাচ শেষে তিনি জানান, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন যেভাবে ওই ওভারটি খেলেছিলেন, তাতে তিনি পেস আক্রমণেই ভরসা রাখতে চেয়েছিলেন।স্যান্টনার বলেছেন, অভিষেক খুব বুদ্ধিমত্তার সঙ্গে ফিলিপসের ওভারটি সামলেছেন এবং বেশিরভাগ সময় স্ট্রাইক স্যামসনের হাতে তুলে দিয়েছেন।
পাওয়ারপ্লের শুরুতে বল থেকে পেসাররা বেশি সহায়তা পেতে পারেন, এমন ধারণা থেকেই তিনি দ্রুতগতির বোলারদের ব্যবহার করতে চেয়েছিলেন।তিনি আরো জানান, যদি স্যামসন দ্রুত আউট হয়ে যেতেন, তাহলে দুই বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ফিলিপসকে আবার আক্রমণে আনা হতে পারত। কিন্তু উইকেট না পাওয়ায় সেই সুযোগ তৈরি হয়নি।
