
কয়লা পাচার মামলায় ইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ওই মামলা দীর্ঘ দিন ধরে কেন টেনে নিয়ে যাচ্ছে ইডি। কেন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। এই নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের মন্তব্য, প্রায় ৬ বছর ধরে মামলাটি নিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ কোনও পদক্ষেপই হয়নি। কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝির জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানিয়েছেন, অনুপ দীর্ঘ দিন পলাতক ছিলেন। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। দেশের সম্পত্তি লুট করা হয়েছে। ব্যাপক টাকার আর্থিক প্রতারণা হয়েছে। অনেক অভিযুক্ত জড়িত রয়েছেন। এর পরেই শীর্ষ আদালত প্রশ্ন তোলে, এত দিনেও কেন উপযুক্ত পদক্ষেপ করল না ইডি? তাদের কাছে যথেষ্ট সময় ছিল। কিন্তু এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হয়নি। সুপ্রিম কোর্ট আরও জানায়, ইডির তদন্ত খাপছাড়া ভাবে হয়েছে। এর পরেই শীর্ষ আদালত ইডির কাছে পুরো বিষয়ে হলফনামা চেয়েছে।








