
শুধু দিল্লি-এনসিআর কেন, দেশের অন্য শহরগুলিতে কেন শব্দবাজি নিষিদ্ধ করা হবে না। শুক্রবার এক মামলার প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এমন অনেক শহর রয়েছে যেখানে দূষণের মাত্রা ভয়াবহ, তা হলে সেই শহরগুলিতেও কেন এই নিষেধাজ্ঞা জারি করা হবে না, প্রশ্ন সুপ্রিম কোর্টের।
দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের পর্যবেক্ষণ, যদি এনসিআরের বাসিন্দারা স্বচ্ছ এবং দূষণমুক্ত বাতাস পাওয়ার অধিকারী হন, তা হলে দেশের অন্য শহরের বাসিন্দারা সেই অধিকার পাবেন না কেন? এর পরই প্রধান বিচারপতি জোর দিয়ে বলেছেন, শব্দবাজির বিষয়ে সারা দেশে এক ধরনের নিয়ম হওয়া উচিত। এর পরই শীর্ষ আদালত কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট-কে নোটিস পাঠিয়েছে। দিল্লি-এনসিআরে এক বছর শব্দবাজি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা করেছিলেন বাজি বিক্রেতা এবং প্রস্তুতকারকেরা। তাঁদের যুক্তি, শব্দবাজি প্রস্তুত এবং বিক্রির সঙ্গে অনেক পরিবার জড়িত। নিষিদ্ধ হওয়ার ফলে এই পরিবারগুলির উপর প্রভাব পড়ছে।
সেই মামলার শুনানি ছিল শুক্রবার। সেই সময় প্রধান বিচারপতি গাভাই জানিয়েছেন, পরিবেশ সংক্রান্ত যা নিয়ম রয়েছে, তা পুরো দেশেই একই হওয়া উচিত। অন্যদিকে সুপ্রিম কোর্টের হাই সিকিউরিটি জোনে কোনও রকম ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা যাবে না বলে শীর্ষ আদালতের সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।









