
গোটা দেশেই ওয়াকফ বোর্ডগুলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। জেপিসি বৈঠকে দন্দ্বের মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
দিল্লিতে ধনতেরাস উপলক্ষে হজরত নিজামউদ্দিন আউলিয়া দরগার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ইন্দ্রেশ কুমার বলেছেন, নিজের ভালর জন্যই ওয়াকফ (সংশোধনী) বিল সমর্থন করা উচিত। নিজেদের সম্পত্তিকে সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ দেশজুড়ে ওয়াকফ বোর্ডগুলিতে লাগামছাড়া দুর্নীতি হয়েছে। অবৈধভাবে সম্পত্তি ক্রোক করার ঘটনাও দেখা গিয়েছে।উল্লেখ্য, মঙ্গলবার ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে আবার অশান্তি হয়েছে। দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, আইএএস আধিকারিক অশ্বিনী কুমার নতুন সংশোধনী বিল সমর্থন জানানোয় প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী সাংসদেরা।
প্রসঙ্গত, কেন্দ্রের আনা বিলের ৪০টি সংশোধনীর মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ডের জমি দখলের অধিকারের বিষয়টি। বর্তমান আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনওরকম সরকারি পর্যালোচনা বা রিভিউ কিংবা মামলা করা যায় না।
ছবি সৌজন্যে : এক্স








