
স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগুইআটির জগৎপুরের চরকতলায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত স্ত্রী।
পুলিশ সূত্রে খবর, নিহত স্বামী ভোলা হালদার। অভিযুক্ত স্ত্রী উপাসনা হালদার। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ভোলা হালদার তার স্ত্রী উপাসনা হালদারকে নিয়ে জগতপুরের চড়কতলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুরে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ওঠেন। তারা ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখতে পান উপাসনা হালদার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়াচ্ছেন। এতে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা জোর করে ঘরে প্রবেশ করেন এবং বাড়ির মালিককে খবর দেন।
বাড়ির মালিক ঘটনাস্থলে এসে বাথরুমে ভোলা হালদারের রক্তাক্ত দেহ দেখতে পান। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ ভোলা হালদারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
