রেলে ওয়েটিং লিস্টে টিকিট কনফার্ম ? সম্ভাবনা জানাবে এ আই 

0
20
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ভারতীয় রেলের রিজার্ভেশন সিস্টেম বিরাট আপগ্রেডের প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে, অগাস্ট মাস থেকে ধাপে ধাপে নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু করা হবে। এই নতুন সিস্টেম চালু হলে ১৯৮৬ সাল থেকে ব্যবহৃত হয়ে আসা বর্তমান ব্যবস্থার পরিবর্তন হবে।

দারুণ পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এমনকী টিকিট কাটার সময়ই জানা যাবে টিকিট ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হল ট্রেনের টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও উন্নত করা। এসবের মাধ্যমে যাত্রীদের আরও ভালো পরিষেবা প্রদান করাই হল প্রধান উদ্দেশ্য। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল ভবনে একটি বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেছেন। তিনি নির্দেশ দিয়েছেন যাতে এই আপগ্রেডেশনের সময় যাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়। এই বৈঠকে রেল প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং রাভনীত সিং বিট্টুও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বর্তমান প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ১৯৮৬ সালে চালু হয়েছিল। গত কয়েক দশকে এতে কিছু কিছু আপগ্রেড করা হয়েছিল। কিন্তু তাতে মূল কাঠামো অপরিবর্তিত ছিল।

আর এই জায়গাতেই বদল আনছে ভারতীয় রেল। নতুন টিকিট বুকিং সিস্টেম আনতে চলেছে তারা। নতুন সিস্টেমটি অত্যাধুনিক প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি অনলাইন টিকিট বুকিংয়ের বেড়ে চলা চাহিদা সামলাতে পারবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে, ভারতীয় রেল ২০০২ সালে প্রথম ইন্টারনেটে টিকিট বুকিং পরিষেবা চালু করে। বর্তমানে অধিকাংশ যাত্রী রিজার্ভেশন কাউন্টারে না গিয়ে অনলাইনে টিকিট কাটতে পছন্দ করেন। রেলের তথ্য অনুযায়ী, এখন মোট টিকিট বুকিংয়ের প্রায় ৮৮ শতাংশই ডিজিটাল পদ্ধতিতে হয়। কিন্তু সেই কাজটা করতে গিয়েও একাধিক জটিলতায় পড়তে হয় তাদের।