
বাগনানে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনে অভিযুক্ত ৫১ জনকেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাতালে লুকিয়ে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করা হবে। শনিবার বাগনানে মৃত বিজেপি কর্মী প্রশান্ত দে-র বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে পুলিশকে কার্যত কড়া হাতে দমনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন পুলিশ জানিয়েছে ৫১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৪১ জন পাতালে লুকিয়ে থাকলেও খুঁজে বার করে গ্রেফতার করা হবে। ১৭ জুন হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুন হন। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই এলাকাছাড়া ছিলেন বাগনানের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ মফিজুল ইলাম। ১৭ জুন মফিজুলের বাড়ির সামনে বেশ কয়েকজন বিজেপি কর্মী জড়ো হন। কাটমানি ফেরতের দাবি জানিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ তখনই মফিজুল ও তাঁর দলবল বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র, লাঠি নিয়ে চড়াও হন। ঘটনায় গুরুতর জখম হন প্রশান্ত দে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে এই এলাকায় আর কেউ এমন কাজ করতে সাহস না পায়।
মৃতের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি বিডিও অফিসে মৃতের বড় মেয়েকে চাকরির ব্যবস্থার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
