
দরকারে পাতাল থেকে খুঁজে বার করে, সব দোষীদের শাস্তি হবেই। ওয়াকফ-অশান্তি নিয়ে এমনই আশ্বাস দিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
তিনি বলেছেন, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, জঙ্গিপুর, সুতি সহ বিস্তীর্ণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে। আগের থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণেও এসেছে। ইতিমধ্যে ১৯ জন তাদের বাড়িতে ফিরেও গেছেন। বাকি যারা এখনও ঘরছাড়া তাঁদের বাড়ি ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোথাও কোনও রকম উত্তেজনা ছড়ায়নি। ওয়াকফ-অশান্তির জেরে যে ঘটনা ঘটেছে তার জন্য ইতিমধ্যে ২০০-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে, বাড়ছে এফআইআরের সংখ্যাও। এডিজি আইনশৃঙ্খলার স্পষ্ট বক্তব্য, যারা এই পরিস্থিতি তৈরি করেছে, যে যে এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। পুলিশ সেই মতোই তদন্ত করছে। জাভেদ শামিমের কথায়, কোনও রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, তা দেখা হবে না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। জেলায় হিংসা রুখতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, তাও আবার চালু করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে গুজব খবর থেকে সচেতন থাকার বার্তা দিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা।
জাভেদ শামিমের কথায়, পরিস্থিতি স্বাভাবিক হলেও মানসিকভাবে মানুষ স্বাভাবিক হতে পারছেন না ভুল খবরের জন্য।
