
সেনার বিমানঘাঁটিতে ওঠানামার সময় বন্ধ রাখতে হবে বিমানের সব জানলা। সমস্ত বেসরকারি বিমান সংস্থাকে এমনই নির্দেশ দিয়েছে ডিজিসিএ। দেশের সব সেনাবিমানঘাঁটির জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ করে দেশের পশ্চিমে পাক সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি থাকা সেনাবিমানঘাঁটিতে এই নির্দেশ কঠোর ভাবে পালন করতে বলা হয়েছে।
ডিজিসিএ-র তরফে বলা হয়েছে, কোনও বিমান সেনার বিমানঘাঁটি থেকে ওড়ার পর ১০ হাজার কিলোমিটার ওঠা না পর্যন্ত বিমানের জানলা বন্ধ রাখতে হবে। আবার বিমান অবতরণের সময় ওই উচ্চতা পেরোলেই বিমানের জানলা বন্ধ করে দিতে হবে। ডিজিসিএ-র তরফে এ-ও বলা হয়েছে যে, যাত্রীরা সেনার বিমানঘাঁটি ব্যবহার করার সময় ছবি বা ভিডিয়ো তুলতে পারবেন না। এই বিষয়ে যাত্রীদের সতর্ক করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকেই।
বিবৃতিতে বলা হয়েছে, কেউ নিয়মভঙ্গ করলে নিরাপত্তাবিধি মেনে আইনানুগ পদক্ষেপ করা হবে। এদিকে, পাকিস্তানি বিমান এখনও প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়। পাকিস্তানি বিমানগুলির জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করল ভারত। কেন্দ্রের তরফে একটি নোটিস টু এয়ার মিশন জারি করা হয়েছে।








