
বর্ষা বিদায় নিয়েছে। এই মুহূর্তে রাজ্যজুড়ে হালকা শীতের আমেজও চলে এসেছে বলা যায়।
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শীতকাল আসেনি, তবু পারদ সামান্য নামতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কনকনে শীত পড়ার আগে ফের বৃষ্টি হবে! শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ-পশ্চিম দিকের আর্দ্র বায়ু যখন উত্তর দিকের ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশবে, তখনই এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে।
যদিও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না, তবে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব করা যাবে। দক্ষিণবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
