উইকেন্ডে রাজ্যজুড়ে শীতের আমেজ, বইছে উত্তুরে হাওয়া 

0
167

অবশেষে রাজ্য জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ গোটা রাজ্যে অনুভূত হয়েছে শির শিরে ঠাণ্ডা। আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা।

সর্বনিম্ন তাপমাত্রা চলে যেতে পারে স্বাভাবিকের নীচে। শনি-রবিবারেই আবহাওয়া বদলে যাবে অনেকটাই। জানা গিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। নভেম্বরের শুরুতে গরম অনুভত হলেও নিম্নচাপ ও বৃষ্টির প্রকোপ কাটিয়ে বদলাতে শুরু করেছে আবহাওয়া। উত্তর-পশ্চিম হাওয়ার দাপটের ফলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা চোখে পড়ছে দক্ষিণবঙ্গে। ঘন কুযাশায় ঢেকেছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। রাজ্যে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া