
নভেম্বরের শেষ লগ্নে কলকাতা সহ রাজ্য জুড়ে শীতের আমেজ। রাজ্যের জেলায় জেলায় সকাল থেকেই অনুভূত হচ্ছে শির শিরে ঠান্ডা।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পুরুলিয়ায় ১২, শ্রীনিকেতন ১৩, ঝাড়গ্রাম ১৪, বর্ধমানে ১৫-র ঘরে নেমেছে পারদ। শীতের আগমনী দেরিতে হলেও প্রথম থেকেই ঝড় তোলার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। নভেম্বরের ১৫ তারিখ পেরতেই ঠান্ডা পড়ছে একটু একটু করে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রোজ একটু একটু করে পারদ নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ভোরে কোনও কোনও এলাকায় কুয়াশার দাপট দেখা গিয়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। মঙ্গলবারও ঠান্ডার শিরশিরানি ভাব রয়েছে। যদিও বেলা গড়ালে শীত ভাব থাকছে না। মূলত ভোর এবং রাতের দিকেই ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এরকমই থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণের জেলাগুলির থেকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও খানিকটা নেমেছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যের উত্তরেও শীতের আমেজ চলে এসেছে পুরোদস্তুর। উত্তরের তিন জেলায় ঘন কুয়াশার দাপট বেশিই। দার্জিলিং, কালিম্পংয়ে ঠান্ডার দাপট এখনই বেশ প্রবল। বইছে হিমেল হাওয়া।
ঘন কুয়াশায় ঢাকা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর। দৃশ্যমানতা কমে হতে পারে ৫০ থেকে ২০০ মিটার। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল







