
উত্তর-পশ্চিম ভারতে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে যারফলে পশ্চিমবঙ্গে শীত পড়েছে, তবে জাঁকিয়ে নয়।
ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলায় শীতের ধার অনেকটাই কমে যাচ্ছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ-সব জায়গাতেই আপাতত তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভোরের দিকে হালকা কুয়াশা আর দিনের বেলায় পরিষ্কার আকাশ দেখা যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকলেও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নীচে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কুয়াশার প্রভাব বেশি থাকবে।
