
ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় এখনও শীতের ছোঁয়া স্পষ্ট। কলকাতা থেকে জেলা – সকালের শুরুটা কনকনে ঠান্ডাতেই হচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিদায়ের আগে শীতের শেষ প্রদর্শনী।
আর কয়েকদিনের মধ্যেই ছবিটা বদলাতে চলেছে গোটা রাজ্যজুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ধীরে ধীরে। সর্বনিম্ন পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবারের মধ্যেই এই পরিবর্তন চোখে পড়বে বলে ইঙ্গিত। রাতের ঠান্ডা অনেকটাই কমবে, দিনের তাপমাত্রাও বাড়বে ক্রমশ। কলকাতা-সহ হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে দফতর।
আগামী তিন দিনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেখানেও বৃষ্টির পূর্বাভাস নেই।
