
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি না থামে, তাহলে রাশিয়ার ওপর আগামী দু’সপ্তাহের মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ওই আল্টিমেটাম দিয়েছেন তিনি। সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনের একটি কারখানা ধ্বংস হয়েছে।
ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, আগামী দু’সপ্তাহের মধ্যে এই সংকট সমাধানের একট পথ খুঁজে বের করা হবে। যদি দু’সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে, সেক্ষেত্রে রাশিয়ার বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সেই বৈঠকের তিন দিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন তিনি। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেছিলেন, পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই তাঁর বৈঠক খুবই চমৎকার হয়েছে এবং শিগগিরই পুতিন-জেলেনস্কি ও তাঁর সমন্বয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে।
