
আমাদের পাড়া, আমাদের সমাধান। বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নতুন উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকেই শহর থেকে জেলা ক্যাম্প খুলে মানুষের সমস্যার কথা শুনছেন কর্মীরা।
রাস্তা থেকে জল,বিদ্যুৎ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাথমিক স্কুল, আবর্জনা, সৌন্দর্যায়ন সহ যে কোনও সমস্যার কথা শোনা হচ্ছে শিবিরে। রাজ্যের ৮০ হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার। বুথ প্রতি ১০ লাখ করে টাকা বরাদ্দ হয়েছে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। শনিবার কলকাতার চার জায়গায় কর্মসূচি চলছে। ৭০ নম্বর ওয়ার্ডে ভবানীপুরের গুজরাটি এডুকেশন কলেজ, ১৩ নম্বর ওয়ার্ডের উল্টোডাঙা মার্কেট, ১০ নম্বর ওয়ার্ডের লাহা কমিউনিটি হল এবং ৪৮ নম্বর ওয়ার্ডের রিফিউজি হোম ক্যাম্প করা হয়েছে। ভবানীপুরের কর্মসূচিতে হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যজুড়ে ২ মাস ধরে এরকম ২৭ হাজারেরও বেশি ক্যাম্প চলবে।
১৫ নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়া সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে বিভিন্ন জেলাতেও ক্যাম্প চলছে। তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক করার পর থেকেই আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল। শনিবার বীরভূমে তাঁকে পাড়ায় সমাধান কর্মসূচিতে দেখা গিয়েছে।








