মালদহে ফের শুটআউট, তৃণমূলকর্মী খুনের সাক্ষীকে গুলি

0
186
ছবি সৌজন্যে : নিজস্ব

মালদহের ইংরেজবাজারে তৃণমূল কর্মী আবু কালাম আজাদ খুনের সাক্ষীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। আহত আতিমুল মোমেন গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

জানা যাচ্ছে, ঠিকাদার আতিমুলকে লক্ষ্য করে রবিবার রাতে গুলি করে জনা কয়েক দুষ্কৃতী। বুকে গুলিবিদ্ধ অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিনি। আতিমুলের বাড়ি অমৃতির বানিয়া গ্রামে। রবিবার রাতে অমৃতির পেট্রল পাম্পের কাছে কানাইপুর এলাকায় জনা কয়েক দুষ্কৃতী মোটরবাইকে তাঁর উপর চড়াও হয়েছে। খুব কাছ থেকে আতিমুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দিয়েছে। রক্তাক্ত আতিমুলকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় খুন হন মানিকচকের তৃণমূল কর্মী আবু কালাম আজাদ। এই মুহূর্তে সেই হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলবন্দি লক্ষ্মীপুরের আরেক তৃণমূল নেতা মাইনুল শেখ ও তাঁর ছেলে।

আক্রান্ত আতিমুলের পরিবারের দাবি, তাঁর মৃত্যুর ঘটনায় সাক্ষী ছিলেন তিনি। সেই কারণে তাঁকে পৃথিবী থেকে সরানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।