
হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনায় রেল পুলিশের হাতে গ্রেফতার মূল পাচারকারী মহিলা। যদিও এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি শিশুকে। উলুবেড়িয়ার কুলগাছিয়া, বেলতলা, পোটোপাড়া থেকে শাহানারা বেগম নামে ওই মহিলাকে বাড়ি থেকে গ্রেফতার করে রেল পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শিশুটিকে রাজস্থানের কোন এক দম্পতিকে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই শিশুকে উদ্ধার করতেরেল পুলিশের পক্ষ থেকে সেখানে তদন্তকারী দল পাঠানো হবে রাজস্থানে। ৫ মার্চ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে হুগলির এক মহিলার সাড়ে তিন বছরের এক কন্যা সন্তানকে অপহরণ করে চম্পট দেয় এক মহিলা। জানা গিয়েছে, ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুরে স্বামীর কাছে যাওয়ার আগে সাত বছরের এক মেয়ে এবং সাড়ে তিন বছরের অন্য একটি মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলেন।
সারারাত জেগে থাকার পর সকালের দিকে একটু ঝিমিয়ে পড়লে ওই মহিলা ছোট মেয়েটিকে নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে সনাক্ত করে পুলিশ।









