
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী এক মহিলার দাবি, নিউ আলিপুর এলাকায় স্ট্রিট ফুড কার্ট বসানোর অনুমতির জন্য কাউন্সিলর জুই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে তিনি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে বলেন।
পরে স্বরূপ বিশ্বাস তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করেন এবং সুরুচি সংঘে দেখা করার প্রস্তাব দেন বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযোগকারিণী রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা, পুলিশকে জানান যে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি নিউ আলিপুর এলাকায় একটি স্ট্রিট ফুড কার্ট স্থাপনের পরিকল্পনা করেন। সেই উদ্দেশে তিনি কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, জুঁই বিশ্বাস তাঁকে জানান যে এই ধরনের অনুমতি দেওয়ার ক্ষমতা তাঁর নেই এবং এ সংক্রান্ত বিষয় ও প্রয়োজনীয় অনুমোদন স্বরূপ বিশ্বাস দেখেন।
অভিযোগকারিণীর দাবি, সেই সময় স্বরূপ বিশ্বাস তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করেন এবং তাঁকে একা সুরুচি সংঘে দেখা করতে বলেন। অভিযোগে আরও বলা হয়েছে, ওই সাক্ষাতের প্রসঙ্গে ব্যক্তিগত সুবিধার ইঙ্গিতও দেওয়া হয়েছিল।
