
উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসৌরা গ্রামে পারিবারিক অশান্তির জেরে তিন সন্তানকে নিয়ে খালে ঝাঁপ দিয়েছেন এক তরুণী। তাঁদের চার জনেরই মৃত্যু হয়েছে। রীনা, তাঁর দুই নাবালক ছেলে ও নাবালিকা কন্যার মৃত্যু হয়েছে। সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কিছু জিনিস নিয়ে ওই তরুণীর ঝামেলা বাঁধে তাঁর স্বামী অখিলেশের সঙ্গে।
এরপর রাতেই সন্তানদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা খোঁজ শুরু করেন। তল্লাশি চলাকালীন খালের ধারে পাওয়া যায় রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট, স্যান্ডেল-সহ অন্যান্য সামগ্রী। প্রায় পাঁচ-ছ’ঘণ্টা পর খালের জল থেকে ওই তরুণী এবং তাঁর তিন সন্তানের দেহ উদ্ধার হয়।
দেহগুলি কাপড় দিয়ে একসঙ্গে বাঁধা ছিল। প্রাথমিক অনুমান, স্বামীর সঙ্গে বিবাদের পর রাতেই তিন বাচ্চাকে নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ দেন তিনি। পুলিশ জানিয়েছে, অখিলেশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।








