
কালীপুজোর দিন কুলতলিতে বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ নস্করের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে হুমকি ও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযোগ, সেখানে তিনি নির্যাতিতার পরিবারকে ২ লক্ষ টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলেছেন। তাঁদের হুমকিও দেওয়া হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রহ্লাদ নস্কর। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর চল্লিশের ওই মহিলা মা-ভাইয়ের সঙ্গে থাকেন। গত বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বছর আটান্নর এক প্রতিবেশী প্রৌঢ় তাঁকে রাস্তার ধারে পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ দিকে মেয়ে দীর্ঘক্ষণ না ফেরায় মহিলার মা ও ভাই তাঁকে খুঁজতে বের হন।
খুঁজতে-খুঁজতে ওই পরিত্যক্ত বাড়ি গিয়ে প্রৌঢ়কে ধর্ষণ করতে দেখতে পেয়ে যান তাঁরা। তখনই আশেপাশের লোকজন ডেকে প্রৌঢ়কে ধরে ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
