
হরিদেবপুর শুটআউট কাণ্ডে এবার পুলিশের জালে শুটারও। সোমবার রাতেই তাকে বালিগঞ্জের ডেরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বেহালার সরশুনা থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এদিন কয়েকঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছিল গুলিবিদ্ধ মহিলার প্রেমিক বাবলু ঘোষ।
আর রাতে তার বন্ধু বাপ্পা দাসকে জালে এনে একদিনের মধ্যেই এই ঘটনার কিনার করে ফেলল হরিদেবপুর থানার পুলিশ। বালিগঞ্জ থেকে ধৃত বাপ্পাই গুলি চালিয়েছিল বলে পুলিশের জেরায় জানিয়েছে। সোমবার প্রাতঃভ্রমণের সময় প্রাণঘাতী হামলা চলে হরিদেবপুরের বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব মৌসুমী হালদারের উপর। পিছন থেকে বাইকে এসে দু’জন তাঁকে গুলি করে। পিঠে গুলি লাগায় তিনি প্রাণে বেঁচে যান।
রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে পড়তেই প্রেমিক বাবলু ঘোষের নাম জানিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাঁর সেই বয়ান এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তিন ঘণ্টার মধ্যে বাবলুকে গ্রেফতার করে। জানা যায়, মৌসুমী ও বাবলুর বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের কারণে এই হামলা।







