
হাওড়া শিবপুরের এক অভিজাত আবাসনের ভিতরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আক্রান্ত ওই মহিলার নাম পুণম সাউ।
তাঁর মাথায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তাঁকে প্রথমে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীক্ষেত্রে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উদ্ধার করে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যাচ্ছে, শিবপুর থানার নাকের ডগাতেই ওই আবাসন। সকালে গুলির শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা। পরে পুনমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত আবাসনের নিরাপত্তারক্ষীরা খবর দেন থানায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। তবে পুরো ঘটনাটি নিয়ে ধোঁয়াশায় রয়েছেন আবাসনের বাসিন্দারা।
কারা গুলি করল, বাইরে থেকে কোনও আততায়ী ঢুকেছিল আবাসনে নাকি পরিচিত কেউ গুলি করেছেন, তা স্পষ্ট নয়। শিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
