
সংসদীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীনভাবে দেশজুড়ে কার্যকর হয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ আইন ২০২৩। কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৬ এপ্রিল থেকেই এই আইন বলবৎ হয়েছে।
এর ফলে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করার যে বিল ২০২৩ সালে সংসদে পাশ হয়েছিল, তা এখন থেকে একটি পূর্ণাঙ্গ আইনি রূপ পেল। এদিকে,মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা চলছে। শুক্রবার এই নিয়ে ভোটাভুটি হওয়ার কথা লোকসভায়। ঠিক তার আগেই মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত এই পুরনো আইন কার্যকর করে দিয়েছে কেন্দ্র। আইন মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ,১০৬তম সংশোধন আইন ২০২৩-এর ১ নম্বর ধারার (২) উপধারা অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ১৬ এপ্রিল দিনটিকে এই আইনের সংস্থানগুলি কার্যকর করার তারিখ হিসেবে ধার্য করছে। যদিও লোকসভায় এই আইনটি ২০২৯ সাল থেকে কার্যকর করার বিষয়ে বর্তমানে বিতর্ক ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, তার মধ্যেই এই ১৬ এপ্রিল থেকে আইনটি কার্যকর করার দিনক্ষণ ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।অন্যদিকে,আইনটি আজ থেকে কার্যকর হলেও, এর বাস্তব প্রয়োগে এখনও কিছুটা সময় লাগবে।
তবে বর্তমান লোকসভা বা বিধানসভাগুলিতে এই সংরক্ষণ এখনই কার্যকর করা সম্ভব নয়। এর জন্য দুটি বড় ধাপ পার করতে হবে,২০২৭ সালের পরবর্তী জনগণনা সম্পন্ন হতে হবে।সেই জনগণনার ভিত্তিতে নতুন করে আসন বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া শেষ হলে তবেই মহিলারা এই ৩৩ শতাংশ কোটার সুবিধা পাবেন।
