
ব্রাজিল-আর্জেন্টিনার মাঠে ও মাঠের বাইরের লড়াইটা অনেকদিনের। মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়ায় ফ্যানদের মাঝেও।
তবে এবার ব্রাজিলে আর্জেন্টাইন চার মহিলা ফুটবলের সঙ্গে ঘটে গিয়েছে এক অপ্রীতিকর ঘটনা।লেডিস কাপ প্রীতি টুর্নামেন্ট খেলতে গিয়ে আটক হয়েছেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের চার মহিলা ফুটবলার। ব্রাজিলের একটি আদালত থেকে তাদের আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।২১ ডিসেম্বর গ্রেমিওর বিপক্ষে ম্যাচ শেষে বর্ণবাদের অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেমিওর সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। ম্যাচটি প্রথমার্ধে বন্ধ হয়ে যায় রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াস একজন বল বয়কে বানরের অঙ্গভঙ্গি করার পর।ম্যাচের ফুটেজ এবং স্থানীয় মিডিয়ার রিপোর্টে ঘটনাটির সত্যতা মেলে।গ্রেমিওর বিবৃতিতে দাবি করা হয়, তাদের খেলোয়াড়দের এবং বল বয়দের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে রিভার প্লেটের খেলোয়াড়রা।বল বয়কে দিয়াসের করা সেই বানরের অঙ্গভঙ্গির পরে প্রতিবাদ জানায় গ্রেমিওর খেলোয়াড়রা। দু’ দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হাতাহাতি। রেফারি ছয়জন রিভার প্লেট খেলোয়াড়কে লাল কার্ড দেখান। ম্যাচটি এরপর তিনি শেষও করে দেন, কারণ খেলা চালিয়ে যাওয়ার জন্য ন্যূনতম সংখ্যক খেলোয়াড় আর ছিল না দলটির।পরে ক্যান্ডেলা দিয়াস, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজকে বর্ণবাদী আচরণের অভিযোগে আটক করে পুলিশ।ব্রাজিলের আদালত এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে প্রিভেনটিভ ডিটেনশনের নির্দেশ দিয়েছেন।সাও পাওলো জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আদালত তাদের ব্রাজিল ছাড়তে বাধা দিতেই এই পদক্ষেপ নিয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে টুর্নামেন্ট কমিটি কঠোর পদক্ষেপ নিয়েছে।রিভার প্লেট দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার এবং আগামী দু’ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।








