বলিউডে ফিরবেন না ক্যাটরিনা ?

0
27
ছবি সৌজন্যে : এক্স

ক্যাটরিনা কাইফ এখন ফুলটাইম মা,মাতৃত্বের পর কি পাকাপাকি বলিউড ছাড়লেন? পঁচিশ সাল থেকেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ একুশ সালে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর মোটে একটি সিনেমায় অভিনয় করেছেন নায়িকা।

সেটাও ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তবে ,মেরি ক্রিসমাস-এর পর আর কোনও সিনেমা-সিরিজে দেখা যায়নি ক্যাটরিনাকে। এমনকী বলিউডি লাইমলাইট থেকেও বর্তমানে শতহস্ত দূরে থাকেন অভিনেত্রী ক্যাটরিনা। যে নায়িকা একসময়ে শাহরুখ-সলমনদের মতো তাবড় সুপারস্টারদের সঙ্গে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এসেছেন, তাঁকে বর্তমানে বিটাউনের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানেও পাওয়া যায় না। এমতাবস্থায়,পর্দায় ফের ক্যাটরিনা ম্যাজিক দেখার জন্য যখন ফ্যান ফলোয়ারদের প্রায় চাতক দশা, তখন বলিপাড়ার অন্দরমহল সূত্রে জব্বর খবর। এদিকে বেবি কৌশল ওরফে বিহানের বয়স মোটে সাত।অন্যদিকে মা হওয়ার পর দায়িত্ব বেড়েছে ক্যাটরিনার। স্বাভাবিকভাবে জীবনেও আমূল পরিবর্তন এসেছে।তবে এই নতুন ইনিংসের স্বাদ যে তিনি চেটেপুটে উপভোগ করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। জুহুর বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাটে স্বামী-সন্তানকে নিয়ে সুখের ঘরকন্নায় ব্যস্ত সুন্দরী ক্যাটরিনা। সদ্য বিদেশ থেকে ঘুরে এসেছেন। এবার মায়ানগরীর সেলেব পাড়ায় ফিসফাস, ক্যাটরিনা কাইফ নাকি খুব শিগগিরি বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর,মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি সম্প্রতি বেশ কয়েকটি চিত্রনাট্য পড়া শুরু করেছেন নায়িকা ক্যাটরিনা। সব ঠিক থাকলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে কামব্যাকের জন্য কড়া শর্ত রেখেছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে, যে সমস্ত চিত্রনাট্য জমা পড়েছে, সেগুলিকে রীতিমতো আতশকাচের নিচে রেখে পরখ করছেন অভিনেত্রী।বলা হচ্ছে,ক্যাটরিনা এমন কোনও চিত্রনাট্যে জোর দিতে চাইছেন, যাতে কামব্যাকেই বিস্ফোরণ ঘটাতে পারেন। সূত্রের খবর, এক্ষেত্রে বড়পর্দার থেকে ওটিটি প্রজেক্টকেই প্রাধান্য় দিচ্ছেন নায়িকা।কারণ এইমুহূর্তে প্রত্যাবর্তনের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীরা ভাগ্য নির্ধারণ করতে ওয়েব প্ল্যাটফর্মগুলিকেই বেছে নিচ্ছেন।ক্যাটরিনা কাইফও নাকি সেপথেই হাঁটতে চলেছেন এবার।তবে কামব্যাক নিয়ে একেবারেই তাড়াহুড়ো করতে চাইছেন না অভিনেত্রী ক্যাটরিনা।

বরং তিনি নাকি মাতৃত্ব সত্ত্বার সঙ্গে মানানসই কোনও চরিত্রের খোঁজ করছেন। অতঃপর মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ক্যাটরিনা শেষমেশ পর্দায় কামব্যাক করতে চলেছেন, তেমনটাই খবর।