
করোনাকালের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশবাসীকে ফের ওয়ার্ক ফ্রম হোম করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যে ভারতের উপর গভীর প্রভাব ফেলেছে, সে কথা উল্লেখ করে তিনি এ অবস্থায় দেশের বৈদেশিক মুদ্রাভান্ডার বাঁচাতে পেট্রল-ডিজেল ও রান্নায় ভোজ্য তেল কম ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে অনুরোধ করেছেন।
আগামী এক বছর বিদেশে ঘুরতে যাওয়া বন্ধ রাখার জন্য দেশবাসীকে আবেদন করেছেন নরেন্দ্র মোদী। তাঁর অনুরোধ, বাড়িতে যাই অনুষ্ঠান থাক, এক বছর কোনও সোনার গয়না কেনা চলবে না। কৃষকদের চাষের জমিতে রাসায়নিক সারের ব্যবহারও অর্ধেকে নামিয়ে আনার আর্জি জানিয়েছেন তিনি। মোদী বলেছেন, ভারত বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছে।
করোনাকালের সময়েই আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ শৃঙ্খল একটি বড় সঙ্কটের মুখে পড়েছিল। করোনার পরে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে যায়। তাতে বিশ্ববাসীর সমস্যা আরও বৃদ্ধি পায়। খাদ্য, জ্বালানি এবং সারের উপর তার ব্যাপক প্রভাব পড়েছে। গত পাঁচ-ছয় বছর ধরে এই সঙ্কট থেকে বেরোনোর জন্য আমাদের সরকার নিরন্তর চেষ্টা চালাচ্ছে। এই সমস্যার মাঝে গত দু’মাস ধরে আমাদের কাছেই এত বড় যুদ্ধ চলছে। তার প্রভাব গোটা বিশ্বে পড়েছে। ভারতে তো আরও গভীর প্রভাব পড়েছে।








