
জেনারেটিভ এআইয়ের ভুল তথ্য ও মানহীন কনটেন্ট ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে উইকিপিডিয়া। ইংরেজি উইকিপিডিয়া নিবন্ধ লেখা বা নতুন করে সাজানোর ক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করেছে।
উইকিপিডিয়া বলেছে, তাদের এমন সিদ্ধান্তে পৌঁছানোর কারণ, এআই ব্যবহার করে দ্রুত কনটেন্ট তৈরি করার বিষয়টি বেশিরভাগ সময়ই উইকিপিডিয়ার মূল কনটেন্ট নীতির বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করে। তবে এ পরিবর্তনের মধ্যে সামান্য কিছু ব্যতিক্রম রয়েছে।এডিটররা তাদের নিজেদের লেখাকে আরও পরিমার্জিত করতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা, এলএলএম ব্যবহার করতে পারবেন। শর্ত হচ্ছে, সেই লেখার নির্ভুলতা অবশ্যই যাচাই করে নিতে হবে।উইকিপিডিয়া নীতিমালায় উল্লেখ করেছে,এআই অনেক সময় তাকে দেওয়া নির্দেশের বাইরে চলে যায় এবং লেখার অর্থ এমনভাবে বদলে ফেলে, যার ফলে উৎসের সঙ্গে দেওয়া তথ্যের মিল থাকে না।অনুবাদকরা ভাষা পরিবর্তনের কাজেও এআই ব্যবহার করতে পারবেন। তবে শর্ত, অনুবাদককে উভয় ভাষাতেই যথেষ্ট দক্ষ হতে হবে যাতে তিনি কোনো ভুল হলে তা ধরতে পারেন। এক্ষেত্রেও তথ্যের নির্ভুলতা যাচাই করা বাধ্যতামূলক।একটি বিষয় মনে রাখা জরুরি,উইকিপিডিয়া কোনো একক বা অভিন্ন সত্তা নয়।
প্রতিটি ভাষার উইকিপিডিয়া সাইটের নিজস্ব স্বতন্ত্র নিয়ম ও সম্পাদক দল রয়েছে।কোনো কোনো সাইট হয়ত এলএলএম গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে, আবার অন্যরা হয়ত আরও কঠোর নিয়ম করতে পারে।
