
বিশ্বজুড়ে সক্রিয় ইউজারের চেয়েও বেশি পরিমাণ ভুয়ো অ্যাকাউন্ট স্থগিত করেছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া,এক্স।রাশিয়া, চীন ও ইরানের মতো দেশগুলো থেকে পরিচালিত এসব অ্যাকাউন্ট ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে ও বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হচ্ছিল বলে ব্রিটিশ এমপিদের জানিয়েছে কোম্পানিটি।
প্ল্যাটফর্মটি ব্রিটিশ এমপিদের বলেছে, রাষ্ট্রীয় মদতপুষ্ট অপপ্রচার ঠেকাতে তারা ৮০ কোটি অ্যাকাউন্ট স্থগিত করেছে।এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স প্রধান উইফ্রেডো ফার্নান্দেজ কর্মকর্তাদের বলেছেন, ২০২৪ সালের ১২ মাসজুড়ে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে।প্ল্যাটফর্মে কারসাজি ও স্প্যাম ছড়ানোর মাধ্যমে নিয়ম লঙ্ঘনের দায়ে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়।অভিযোগ রয়েছে, এই বিপুল সংখ্যক স্প্যাম অ্যাকাউন্টের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রাশিয়ার, যার পরেই রয়েছে চীন ও ইরান।পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে একটি ভিডিও কলে ফার্নান্দেজ বলেছেন,রাশিয়ান অ্যাকাউন্টগুলো ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারসাজি করতে বিভাজন তৈরি এবং বিশেষ ধরনের মতবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল।ফার্নান্দেজ দাবি করেছেন,প্ল্যাটফর্মে আলোচনায় হস্তক্ষেপ ও স্প্যাম ছড়ানোর এসব প্রচেষ্টা এখনও থেমে নেই।উল্লেখ্য গত বছরও এক্স আরও কয়েকশ কোটি অ্যাকাউন্ট স্থগিত করেছিল, যার পেছনে সম্ভবত বিদেশি রাষ্ট্রীয় মদদপুষ্ট অপপ্রচারমূলক প্রচারের ভূমিকা থাকতে পারে।
হিসাব অনুসারে ২০২৪ সালের শুরুতে এক্স-এর ইউজার ছিল ৪২ কোটি ৯০ লাখ।অন্যদিকে আরেকটা মত বলছে, বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ইউজারের সংখ্যা প্রায় ৩০ কোটির মতো।









