
মেসেজিং অ্যাপের বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হতে যাচ্ছে,এক্সচ্যাট। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া,এক্স-এর মালিক ইলন মাস্ক এই নতুন অ্যাপ চালুর পরিকল্পনা করেছেন।
এটি তৈরি করা হয়েছে হোয়াটস অ্যাপ ও সিগন্যালের আদলে।প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এক্সচ্যাট একটি নিরাপদ ও আধুনিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে এনক্রিপশন সুবিধার মাধ্যমে ইউজাররা ব্যক্তিগত বার্তা আদান-প্রদান করতে পারবেন। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার তথ্য জানতে পারবে না।অ্যাপটিতে অডিও ও ভিডিও কল, ছবি ও ফাইল শেয়ারিং, গ্রুপ চ্যাটসহ বিভিন্ন ফিচার থাকবে। পাশাপাশি পাঠানো মেসেজ সম্পাদনা ও মুছে ফেলার সুবিধাও রাখা হয়েছে।প্রাথমিকভাবে,এক্সচ্যাট চালু হবে আইওএস ও আইপ্যাডওএস প্ল্যাটফর্মে। ফলে আইফোন ও আইপ্যাড ইউজাররা প্রথমে এই সার্ভিস পাবেন।আগামী ১৭ এপ্রিল অ্যাপটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে।তবে গুরুত্বপূর্ণ শর্ত হলো, এটি ব্যবহার করতে হলে অবশ্যই এক্স-এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ, এটি সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এটি ,এক্স-এর ইউজারদের জন্য একটি বাড়তি সুবিধা হলেও বাজারে ইতিমধ্যে শক্ত অবস্থানে থাকা হোয়াটস অ্যাপ ও সিগন্যালের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ হবে না। কারণ, এসব অ্যাপ ব্যবহারের জন্য অন্য কোনও প্ল্যাটফর্মে অ্যাকাউন্টের প্রয়োজন হয় না এবং অ্যান্ড্রয়েডসহ সব প্ল্যাটফর্মে তাদের ইউজার সংখ্যা অনেক বেশি।







