
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নিয়ে বড়সড় এক দুশ্চিন্তায় পড়েছিল স্পেন। নিউ জার্সিতে দলের মূল অনুশীলনের সময় ফরোয়ার্ড ইয়ামালকে একা একা কসরত করতে দেখে ছড়ায় চরম উদ্বেগ।
তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ,আরইএফইএফ দ্রুতই সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে স্বস্তির বার্তা দিয়েছে ফুটবলপ্রেমীদের। তারা স্পষ্ট জানিয়েছে, রবিবারের মহাফাইনালের জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত রয়েছেন এই টিনএজার সেনসেশন। উল্লেখ্য, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর এটিই ছিল স্প্যানিশদের প্রথম অনুশীলন।
আর সেখানেই দলের অন্যতম প্রধান চালিকাশক্তি লামিন ইয়ামাল এবং রক্ষণভাগের খেলোয়াড় পেদ্রো পোরো মূল দলের সঙ্গে যোগ দেননি। তারা মাঠের এক প্রান্তে হালকা রিকভারি সেশন সারেন। এই খবর ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়—তবে কি বড় কোনো চোটে পড়লেন ইয়ামাল?অবশ্য স্প্যানিশ ফেডারেশন বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে আরইএফইএফ জানিয়েছে, ইয়ামাল ও পোরোর আলাদা অনুশীলনের সিদ্ধান্তটি ছিল নিছকই একটি সতর্কতামূলক পদক্ষেপ। দীর্ঘ ও ক্লান্তিকর টুর্নামেন্টের ধকল কাটিয়ে ওঠার জন্যই এই বিশেষ পরিকল্পনা।
