
সিজনের শেষ সময়ে এসে অনেক বড় এক ধাক্কা খেল বার্সেলোনা। চোটের কারণে সিজনের বাকি অংশ থেকে ছিটকে গেলেন লামিনে ইয়ামাল।
কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় ইয়ামালের বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। সিজনের বাকি অংশে তিনি খেলতে পারবেন না, তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।তার সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। খবর, চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালকে।এর আগে কাম্প নউয়ে ,লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের ম্যাচে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।গোল করার পরই উদযাপনের সময় তিনি ডাগআউটের দিকে হাত উঁচিয়ে অস্বস্তি অনুভব করার ইঙ্গিত করেন।ফিজিওর শুশ্রূষা নিয়েও আর খেলা চালিয়ে যেতে পারেননি।চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন ইয়ামাল।
চলতি সিজনে লা লিগায় ২৮ ম্যাচে করেছেন ১৬ গোল, অ্যাসিস্ট ১২টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন লামিনে ইয়ামাল।









