
এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে দিল্লির যমুনা নদী। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ পুরনো রেলওয়ে ব্রিজের কাছে যমুনার জলস্তর ২০৭.৪৮ মিটার রেকর্ড করা হয়েছে। যার জেরে বুধবার ভোর সাড়ে ৬টা থেকে বাতিল করতে হয়েছে অন্তত ৪০টি ট্রেন।
গোটা দিল্লি-এনসিআর ও সংলগ্ন এলাকা জুড়ে বন্যার সতর্কতা জারি হয়েছে। প্লাবিত ঘরবাড়ি, চাষজমি। কোথাও বন্যার জলে ভেসে গিয়েছে আশ্রয়শিবিরই! আতঙ্কে দিন কাটাচ্ছেন ঘরছাড়া বহু মানুষ। বৃহস্পতিবারও নয়াদিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
শুধু দিল্লি-এনসিআরই নয়, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি খুব খারাপ হরিয়ানা ও পাঞ্জাবেও। গুরুগ্রামে ভারী বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে ২৩টি জেলা মিলিয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।









