
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল বাজারে এবার বড়সড় এক বোমা ফাটালেন আইভরি কোস্টের ১৯ বছর বয়সী সেনসেশন ইয়ান দিওমান্দে। চলতি গ্রীষ্মকালীন দলবদলে আরবি লাইপজিগ ছাড়লে তার পরবর্তী গন্তব্য যে প্যারিস সেন্ট জার্মেই ,পিএসজি তা প্রায় নিশ্চিত করেই জানিয়ে দিয়েছেন তিনি।
ফরাসি জায়ান্টদের ভবিষ্যৎ প্রজেক্ট এবং কোচ লুইস এনরিকের কোচিং দর্শনে মুগ্ধ হয়েই পার্ক দেস প্রিন্সেসে পাড়ি জমাতে চান উইঙ্গার ইয়ান দিওমান্দে।জানানো হয়েছে, পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের দীর্ঘমেয়াদী পরিকল্পনাই দিওমান্দেকে আকৃষ্ট করেছে।এই ফরাসি ক্লাবে যোগ দিলে নিয়মিত বড় বড় ট্রফি জেতার পাশাপাশি ভবিষ্যতে নিজের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ করা সহজ হবে বলেই মনে করছেন ফুটবলার ইয়ান দিওমান্দে।অথচ এই তরুণ প্রতিভাকে দলে নিতে ১০০ মিলিয়ন ইউরোর বিশাল এক প্রস্তাব নিয়ে তৈরি ছিল ইংলিশ জায়ান্ট লিভারপুলও।
তবে জার্মান ক্লাব লাইপজিগ সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। গত গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে লাইপজিগে যোগ দেওয়া দিওমান্দেকে সহজে ছাড়তে নারাজ তারা।বর্তমানে দেশের হয়ে বিশ্বকাপে মাঠ মাতাচ্ছেন দিওমান্দে।
