
শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রত্যেকের রয়েছে। শুধুমাত্র কোথাও বিক্ষোভ চলছে বলেই লাঠিচার্জ করা যায় না। নাগরিকের এই অধিকারকে অস্বীকার করা যায় না। ছাত্র-যুবদের মিছিলে পুলিশি ভূমিকা নিয়ে মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের।
দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, বিক্ষোভ চলছে বলেই পুলিশ লাঠিচার্জ করবে, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচি ডেকেছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সেদিন প্রচুর পড়ুয়া শামিল হন মিছিলে। প্রতিবাদী ছাত্র-যুবকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। মিছিলে অংশগ্রহণকারীদের লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ।
পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ঘটনার এক সপ্তাহ পরে, সোমবার সুপ্রিম কোর্টে বিষয়টি প্রথম বার শুনানির জন্য ওঠে। বিক্ষোভ চললেই যে পুলিশ সেখানে অত্যধিক বলপ্রয়োগ করবে, এটাও সমর্থন করা যায় না বলে জানিয়েছে শীর্ষ আদালত। দিল্লিতে বিক্ষোভ চলাকালীন বেশ কয়েক জন পুলিশকর্মীও জখম হন বলে দাবি পুলিশের। বিচারপতি বাগচী বলেন, পুলিশের উপরে হোক বা পড়ুয়াদের উপর যে কোনও ব্যক্তির উপরে আঘাতই সমান উদ্বেগের। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে।
