
দেশজুড়ে কফ সিরাপ-সহ বিভিন্ন ধরনের সিরাপ বিক্রিতে কড়া নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনও ফার্মেসি থেকে এসব সিরাপ কেনা যাবে না।
সম্প্রতি দূষিত কফ সিরাপ সেবনের জেরে মধ্যপ্রদেশ ও রাজস্থানে একাধিক শিশু মৃত্যুর ঘটনার পরই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ড্রাগস রুলস, ২০২৬ জারি করে এই সংশোধনের ঘোষণা করেছে। সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে ওভার-দ্য-কাউন্টার হিসেবে অর্থাৎ দোকানে গিয়ে চাইলেই ওষুধ বিক্রি হওয়া বহু সিরাপ এখন কঠোর নিয়ন্ত্রণের আওতায় চলে এল। নতুন সংশোধনী অনুযায়ী, ১৯৪৫ সালের ড্রাগস রুলস-এর, সিডিউল কে-এর সপ্তম ধারায় থাকা সিরাপস শব্দটি বাদ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলেই সিরাপজাতীয় ওষুধ আর প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। অর্থাৎ কফ সিরাপ বা অন্যান্য মেডিসিনাল সিরাপ কিনতে গেলে এখন গ্রাহকদের রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে।
কেন্দ্রের বক্তব্য, দূষিত সিরাপকে ঘিরে সাম্প্রতিক উদ্বেগ এবং শিশু মৃত্যুর ঘটনাগুলি ওষুধ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে আরও কড়া নজরদারির প্রয়োজনীয়তা সামনে এনেছে। সেই কারণেই এই পদক্ষেপ। সরকারের আশা, নতুন নিয়ম ওষুধের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপব্যবহারও কমাবে। বলা হচ্ছে, এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। এতদিন সর্দি-কাশি বা ছোটখাটো অসুস্থতায় অনেকেই সরাসরি ফার্মেসি থেকে কফ সিরাপ কিনে নিতেন। এখন সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হবে।
