
বর্ষবরণের রাতে লখনউয়ের হোটেলে চার বোন ও মা’কে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আরশাদ।
আগরার বাসিন্দা ওই যুবক মা এবং চার বোনকে নিয়ে মঙ্গলবার, বর্ষশেষের রাতে লখনউয়ের নাকা এলাকায় একটি হোটেলে উঠেছিলেন। রাতে খাওয়াদাওয়ার সময় পরিবারের পাঁচ সদস্যকে খুন করেন আরশাদ। অনুমান করা হচ্ছে, সম্ভবত খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের মেরে ফেলেছেন আরশাদ। জানা গিয়েছে, যুবকের মায়ের নাম আসমা। এ ছাড়া চার বোন— নয় বছরের আলিয়া, ১৯ বছরের আলিশা, ১৬ বছরের আকসা এবং ১৮ বছরের রেহমিনকে হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পরিবারের পাঁচ জনকে খুন করেছেন যুবক।
