
হাওড়ার লিলুয়ায় গণেশ পুজোর বচসায় এক যুবককে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। বছর ২৬ এর সৌভিক দত্তকে খুনের অভিযোগে অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি। লিলুয়ার পটুয়াপাড়ার ঘটনা। সেখানকার শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ সেখানে বচসা শুরু হয়। ক্লাবের লোকজন দেখতে পেয়েছিলেন, এক যুবককে মারধর করা হচ্ছে। থামাতে এগিয়ে যান সৌভিক দত্ত। তিনি ওই এলাকারই বাসিন্দা। অভিযোগ, এর পর তার সঙ্গেও বচসা বেঁধে যায়। আচমকা ছুরি চালিয়ে দেন অভিযুক্ত অমিত রায়চৌধুরী। অন্যদিকে, কলকাতার লেদার কমপ্লেক্সে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিলকিস বিবি। তিনি লেদার কমপ্লেক্সের শ্রমিক। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বিলকিসকে তাঁর স্বামী করিম গাজি রক্তাক্ত অবস্থায় লেদার কমপ্লেক্সের সামনে পড়ে থাকতে দেখেন। করিম বিলকিসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা বিলকিসকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। বিলকিসকে খুনের ঘটনায় পুলিশ রোহিত গাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে।






