
উত্তর ২৪ পরগনার সোদপুরের হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত বছর ৩৫ এর যুবক বাবলু মণ্ডল ব্যারাকপুরের বাসিন্দা।
দেহ উদ্ধারের আগে থেকেই বেপাত্তা তাঁর বান্ধবী। পলাতক বান্ধবীর খেঁজে তল্লাশি শুরু করেছে ঘোলা থানার পুলিশ। হোটেল কর্মীরা জানিয়েছেন, সোমবার বিকালে চেক ইন করেন বাবলু এবং তাঁর বান্ধবী। কিছুক্ষণ পর ওই বান্ধবীকে বেরিয়ে যেতে দেখেন তারা। চেক আউট করবেন কিনা জানতে চাইলে মহিলা উত্তরে জানিয়ে দেন তারা চেক আউট করছেন না। এদিন রাত পর্যন্ত ওই যবককে ঘর থেকে বেরোতে না দেখে ৩০৪ নম্বর রুমে গিয়ে অনেক ডাকাডাকি করে সাড়া না মেলায় দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন হোটেল কর্মীরা।
দরজা খুলতেই বিছানায় যুবকের দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বিষ প্রয়োগে খুন করা হয়েছে বাবলু মণ্ডলকে।








